চাঁপাইনবাবগঞ্জে চাহিদামতো সার না পাওয়ায় একদল কৃষক ডিলারের গোডাউনে হামলা করে সার ছিনতাইয়ের চেষ্টা করেছেন। শনিবার দুপুরে সদর উপজেলার মেসার্স একতা এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র জানায়, সার নিতে গোডাউনে জড়ো হওয়া কৃষকদের অভিযোগ ছিল, তাঁরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। প্রয়োজনের তুলনায় কম সার পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। একপর্যায়ে কয়েকজন কৃষক গোডাউন থেকে সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আনসার ও পুলিশ পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়ায় কৃষকেরা সার ফেলে চলে যান।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোজাম্মেল হোসেন বলেন, সকাল থেকে সার বিতরণ চললেও অতিরিক্ত চাপের কারণে সবাইকে চাহিদামতো সার দেওয়া সম্ভব হয়নি। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলী বলেন, একদল কৃষক অন্তত আট থেকে ১০ বস্তা সার নিয়ে গেছেন, তবে সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান বলেন, কৃষকদের বাকবিতণ্ডার কারণে সাময়িকভাবে বিতরণ বন্ধ রাখা হয়েছে এবং কেউ সার নিয়ে যেতে পারেননি।