প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য তিস্তা নদীতে আরও একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এই প্রকল্পের কারিগরি ও আর্থিক দিকগুলো বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য দেন।
প্রধানমন্ত্রী আরও জানান, তিস্তা নদীকেন্দ্রিক টেকসই ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনার একটি সমীক্ষা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ওই সমীক্ষা প্রতিবেদনে তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার নদী ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের উপর রাস্তা নির্মাণ, ৬৭টি গ্রোয়েন বা স্পার নির্মাণ ও মেরামত এবং ১৭০ বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের প্রস্তাব করা হয়েছে।
এই পরিকল্পনার লক্ষ্য তিস্তা অববাহিকায় টেকসই নদী ব্যবস্থাপনা ও পানিসম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করা, যদিও বাস্তবায়নের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।