অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৯ মার্চ ২০২৬ তারিখে প্রথম কর্মদিবসে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে সকাল ১১টার দিকে সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া-মোনাজাতের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণের কার্যক্রম শুরু করেন। এ সময় সিনিয়র আইনজীবীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী ফজলুল রহমান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা ও মোহাম্মদ অনীক আর হক।
গত বুধবার রাষ্ট্রপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।