মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২০ লাখ টাকার জিরা লুটের মামলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থার (জাসাস) এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে সিলেটের ব্যবসায়ী আফজালুর রহমানের মালিকানাধীন জিরাবাহী কাভার্ডভ্যানটি শ্রীমঙ্গলের পুরানবাজার এলাকায় পৌঁছালে জাহেদ আলীসহ কয়েকজন দুষ্কৃতকারী গাড়ি থামিয়ে চালক ও হেল্পারকে জিম্মি করে। তারা ১৬০ বস্তা জিরা, নগদ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী শনিবার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। মামলায় জাহেদ আলীসহ অজ্ঞাতনামা ৩–৪ জনকে আসামি করা হয়। ওই রাতেই প্রায় আড়াইটার দিকে এসআই বাবলু পালের নেতৃত্বে শাহীবাগ এলাকা থেকে জাহেদ আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের আহ্বায়ক কমিটির সাবেক সদস্যসচিব ছিলেন।
জেলা জাসাসের নেতারা জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে আগেই সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।