Web Analytics
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটে কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোই এর উদ্দেশ্য ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিস্ফোরণে অ্যাডভোকেট হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাঁকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান পাঁচ দিনের রিমান্ড চেয়েছিলেন। আবেদনে প্রকৃত রহস্য উদ্ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অর্থ জোগানদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানতে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা বলা হয়। জনতা দেলোয়ারকে ৯ নম্বর কোর্টের সামনে আটক করে পুলিশের হাতে দেয়। সিআইডি আলামত সংগ্রহ করেছে এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।