মার্কিন সামরিক বাহিনী রবিবার পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক পাচারকারীদের একটি নৌযানে হামলা চালিয়েছে, এতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড। সাম্প্রতিক মাসগুলোতে এমন একাধিক অভিযানের ধারাবাহিকতায় এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, এসব অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৮৫ জন নিহত হয়েছেন।
সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, হামলার শিকার নৌযানটি একটি সন্ত্রাসী সংগঠন পরিচালনা করছিল এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী এটি পরিচিত মাদক পাচারের রুটে চলাচল করছিল। তবে ট্রাম্প প্রশাসন এখনো এসব জাহাজের সঙ্গে মাদক পাচারের সরাসরি প্রমাণ প্রকাশ করেনি, যার ফলে অভিযানের বৈধতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে, কারণ এতে এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিলেন না। সাউদার্ন কমান্ড জানিয়েছে, অভিযানে কোনো মার্কিন সেনা আহত হয়নি।