বিমানের টিকিট সিন্ডিকেট দমন, বিমান পরিবহন খাতের আধুনিকায়ন এবং পর্যটনশিল্পের উন্নয়নে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) কারিগরি সহযোগিতা চেয়েছে সরকার। সোমবার বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হিরের সৌজন্য সাক্ষাতে বিষয়গুলো আলোচনা হয়।
আইএটিএ জানায়, বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে তারা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক প্রতিষ্ঠানে উন্নীত করতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে আগ্রহী সংস্থাটি।
মন্ত্রী বলেন, টিকিট সিন্ডিকেট দমনে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে এবং এ ক্ষেত্রে আইএটিএর সহায়তা গুরুত্বপূর্ণ। সরকার বিমান খাতের সব ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণ কমাতে অধ্যাদেশে পৃথক ধারা যুক্ত হয়েছে, টেকসই এভিয়েশন ফুয়েল ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং মন্ট্রিল প্রটোকল-২০১৪ গ্রহণের কার্যক্রম এগোবে।