জাতীয় সংসদে মঙ্গলবার বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের তৈরি পোশাক খাত, শ্রমিক অসন্তোষ, গ্যাস সংকট এবং ব্যবসায়ীদের ঘুষ ও চাঁদাবাজির হয়রানি নিয়ে তীব্র ক্ষোভ জানান। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে শব্দের মারপ্যাঁচে দুর্নীতির নাম বদলে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঋণখেলাপিকে ঋণগ্রস্ত, চাঁদাবাজিকে সমঝোতা এবং ঘুষকে উপহার বলা হচ্ছে। বর্তমান পরিস্থিতির সমালোচনায় তিনি জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসের উদাহরণ দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত তিন বছরে সমন্বিত মূল্যস্ফীতি ২৬ শতাংশের বেশি বেড়েছে। তাঁর হিসাবে, ঢাকায় চার সদস্যের একটি পরিবারের শুধু খাবারের জন্য মাসে ১২ থেকে ১৬ হাজার টাকা লাগে, অথচ শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২ হাজার টাকা। নির্বাচনের আগে ২০ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রতিশ্রুতি দেওয়া হলেও মজুরি বোর্ডের বৈঠক ঠিকমতো হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন এবং শ্রমিকদের চলমান আন্দোলনকে যৌক্তিক বলেন।
তিনি অভিযোগ করেন, কাঁচামাল আমদানি থেকে রপ্তানি পর্যন্ত বিভিন্ন ধাপে পোশাক ব্যবসায়ীদের ঘুষ দিতে হয় এবং হয়রানি এড়াতে প্রভাবশালী নেতাদের কনসালট্যান্ট নিয়োগ করে চাঁদা দিতে হচ্ছে। তৃতীয় এফএসআরইউ প্রকল্পে ৬ হাজার ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের বিষয়ও তিনি তোলেন। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি, ব্যবসাবান্ধব পরিবেশ এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের শাস্তির দাবি জানান তিনি।