নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ সময় ছয়টি মামলাও দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ছয়টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা এবং দুটি মামলা করা হয়। বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, লেবেলবিহীন মাছ-মাংস সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার অভিযোগ ছিল। ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা ও তিনটি মামলা করা হয়; সেখানে পোড়া তেল, অননুমোদিত রাসায়নিক রং, কীটপতঙ্গ এবং অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ ওঠে।
লক্ষ্মীপুরে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ এবং কিশোরগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত সপ্তাহে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও অন্যান্য মিলিয়ে ২৮৮টি খাদ্যস্থাপনা মনিটরিং করেছে বিএফএসএ। চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, তদারকি, আইনগত ব্যবস্থা, মোবাইল কোর্ট, গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে।