২০২৭ সালের হজের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধনের সময় ১৬ থেকে ২২ নভেম্বর নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমসংশ্লিষ্ট ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে এই সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম ২৬ সেপ্টেম্বর ২০২৬ শেষ হয়। ওই হজে বাংলাদেশের জন্য অনুমোদিত মোট কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায়।
বর্ধিত কোটা ও সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটা পূরণের লক্ষ্যেই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, এসব কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন বন্ধ হবে। প্রাথমিক নিবন্ধনকারীদের ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ে চূড়ান্ত নিবন্ধন না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে।