ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করেছেন যে, সৈন্য সংকট ও একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের চাপে দেশটির সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধসহ গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরে চলমান সংঘাতের কারণে সেনাবাহিনী প্রচণ্ড চাপে রয়েছে।
ইয়েদিওথ আহরোনথ-এর প্রতিবেদনে বলা হয়েছে, জামির সতর্ক করেছেন যে রিজার্ভ বাহিনী আর বেশি দিন এই চাপ সহ্য করতে পারবে না। তিনি সরকারের সমালোচনা করে বলেন, অতি গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে নিয়োগ, রিজার্ভ আইন সংশোধন এবং বাধ্যতামূলক সেবার মেয়াদ বৃদ্ধির মতো কাঠামোগত সমস্যা সমাধানে ব্যর্থতা সেনাবাহিনীর সংকটকে আরও গভীর করছে।
জামির আরও বলেন, পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় অতিরিক্ত ইউনিট মোতায়েন করতে হচ্ছে, যা ক্লান্ত সেনাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তিনি সতর্ক করেন, প্রয়োজনীয় আইন দ্রুত পাস না হলে সেনাবাহিনী শিগগিরই তাদের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়তে পারে।