মিয়ানমারের রাখাইন রাজ্যের পন্নাগুন শহরে টানা দুই দিনে বাস্তুচ্যুত মানুষের দুটি আশ্রয়শিবিরে সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। আরাকান আর্মি ও পন্নাগুন ইয়ুথ অ্যাসোসিয়েশনের তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। রোববার বিকেল প্রায় ৫টার দিকে একটি শিবিরে যুদ্ধবিমান থেকে বোমা হামলায় ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং ১১ জন আহত হন।
পরদিন সোমবার সকালে শহরের আরেকটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে দ্বিতীয় দফা বিমান হামলায় আরও দুজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় দুটি গোষ্ঠী। পন্নাগুন ইয়ুথ অ্যাসোসিয়েশনের মুখপাত্র কিয়াউ উইন তুন বলেন, হামলার শিকার দুই শিবিরের অধিকাংশ বাসিন্দাই যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নেওয়া গৃহহীন সাধারণ মানুষ।
এর এক সপ্তাহেরও কম আগে রাখাইনের কিয়াকতাউ এলাকায় ব্যস্ত বাজারের কাছে বিমান হামলায় ৫০ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হন। রোববারের হামলায় প্রাণহানির বিষয়ে মিয়ানমার সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য করেননি। বাংলাদেশের সীমান্তঘেঁষা রাখাইন বর্তমানে গৃহযুদ্ধের প্রধান সংঘাতপূর্ণ অঞ্চলগুলোর একটি; উত্তর ও পশ্চিম উপকূলীয় বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।