মাদারীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চেতনানাশক বিষাক্ত হালুয়া ও তা তৈরির উপকরণসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নতুন শহর এলাকার হোটেল জাহিদ থেকে মো. কালাম হোসেন, মো. জাহাঙ্গীর মোল্লা ও মো. জাকির হাওলাদারকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, নির্দেশনা দেন মো. হাবিবুর রহমান।
ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন জেলার হাট-বাজার ও যাত্রীবাহী বাসে যাত্রী সেজে সাধারণ মানুষকে টার্গেট করত। তারা কৌশলে চেতনানাশক মিশ্রিত হালুয়া খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুট করত। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে তারা পরিবহনের যাত্রী ও গবাদিপশুর হাটের ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করেছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।