জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন অনুচিত। তবে তিনি আন্দোলনকে বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার হিসেবে উল্লেখ করেন। শনিবার সকালে এমপি হোস্টেলে নিজ দপ্তরে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে এ ধরনের কর্মসূচি আরও কিছুদিন পরে হলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচির জবাবে সরকারি দল রাজপথে কোনো সংঘাতময় কর্মসূচি দেবে না বলে জানান মনি। তিনি বলেন, বিষয়টি জনগণের বিবেকের কাছে তুলে ধরা হবে এবং জনগণ সময়মতো এর মূল্যায়ন করবে। সরকারের ছয় মাস সময় পূর্ণ হওয়ার আগেই বিরোধীরা রাজপথে নামলে মানুষই তা বিচার করবে বলেও তিনি মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, সংসদের আগামী অধিবেশনে দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সব দলের পক্ষ থেকে আসা নোটিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে আগ্রহ বাড়াতে ১০ থেকে ৫০ টাকা রেটিং সুবিধা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।