ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, এসব প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইআরজিসি। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ অন্তত ১৫টি মার্কিন প্রতিষ্ঠানে হামলা চালানো হতে পারে।
আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো লক্ষ্য নির্ধারণ ও নজরদারির মূল কারিগর, তাই এখন থেকে এসব প্রতিষ্ঠানকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য করা হবে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে জরুরি ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে হামলার সুনির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।