চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে পাগলা নদীর তীরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী দশহারা গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো নারী-পুরুষ পাপমোচন ও আত্মশুদ্ধির প্রত্যাশায় এই স্নান উৎসবে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে গঙ্গাদেবীর পূজা-অর্চনা, প্রার্থনা, গীতাপাঠ ও কীর্তনসহ নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে কানসাটের গঙ্গা আশ্রম ও গুজরঘাট এলাকায় ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। নদীতীরে বসে গ্রামীণ মেলা, যেখানে প্রসাধনী, কাঠের আসবাব, মাটির পণ্য, ধর্মীয় উপকরণ ও খাবারের দোকান স্থান পায়। কীর্তনের আসর উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
আয়োজকরা জানান, পূর্বপুরুষদের আমল থেকে এই গঙ্গাস্নান ও মেলার আয়োজন হয়ে আসছে। ঐতিহ্য রক্ষায় প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তরা অংশ নেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে।