বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজন মারা গেছেন এবং ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ১০৪ জনে পৌঁছেছে এবং মৃত্যু হয়েছে ২১১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৫ দিনে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ২৫৮ জন। এ বছরের মৃত্যুর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরের এ পর্যন্ত ১১৪ জন মারা গেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে ২৪৬ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ২৪১ জন ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন ভর্তি হন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৯৫৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ।