ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গে একাকার হয়ে গেছে এবং একই সুর ও ধরনে দেশ পরিচালনা করছে। পুলিশ বাহিনীকে দলীয়করণ করে আবার ক্রসফায়ারের পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। সোমবার ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডির শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে সাইফুল্লাহ মোহাম্মদ শিপন, মাসুম, মুজাহিদসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনা করেন কায়েম। তিনি ২৮ অক্টোবর ২০০৬-কে বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক দিন হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সেদিনের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের মাধ্যমে মাফিয়াতন্ত্রের বীজ বপন হয়েছিল। ওই ঘটনার বিচার রুদ্ধ থাকায় পরবর্তী সময়ে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের আলেম নিধন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবিচারের মতো ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।
কায়েম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আজাদির স্বপ্ন এবং ২৮ অক্টোবরের শহীদদের স্বপ্ন একই ছিল, কিন্তু প্রায় ২০ বছরেও ২৮ অক্টোবরের খুনিদের বিচার হয়নি। আইজিপির ক্রসফায়ারের অনুমতি চাওয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি এটিকে ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা বলে দাবি করেন। তিনি ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড ও জুলাই বিপ্লবের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।