বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশ ও সমুদ্র শাসনব্যবস্থা উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে রোববার ঢাকায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সেমিনার হলে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ ২০২৬-এর আওতায় কর্মশালাটি হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বিমরাডের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাডমিরাল আজীম বলেন, এই ফেলোশিপ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে আঞ্চলিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে। তিনি ফেলোদের অর্জিত জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা ব্যবহার করে বাস্তবসম্মত সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ব্লু ইকোনমি বিকাশে অবদান রাখার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যবিষয়ক বিভাগ পরিচালিত ফেলোশিপটির আয়োজন করে ইউনিভার্সিটি অব উলংগংয়ের অস্ট্রেলিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান রিসোর্সেস অ্যান্ড সিকিউরিটি।
বিভিন্ন দেশের ১৫ জন ফেলো কর্মশালায় অংশ নেন। তাঁরা সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্র শাসনব্যবস্থা, সম্পদ ব্যবস্থাপনা, মৎস্যসম্পদ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীরা যৌথ গবেষণা, নীতিনির্ধারণ ও সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহযোগিতার ক্ষেত্রও চিহ্নিত করেন। বিমরাড বঙ্গোপসাগরের সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনা টেকসইভাবে কাজে লাগাতে আঞ্চলিক অংশীদারত্ব এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে।