বিভিন্ন মন্ত্রণালয় থেকে জাতীয় পুরস্কারের জন্য পাওয়া প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশ দিতে সরকার ১০ সদস্যের জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খানকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সদস্য থাকবেন।
কমিটি পুরস্কার প্রস্তাব পরীক্ষা, আনুষ্ঠানিক পুরস্কার প্রদান বিষয়ে সুপারিশ, পরিকল্পনা প্রণয়ন এবং নতুন জাতীয় পুরস্কারের প্রয়োজনীয়তা যাচাই করবে। ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারির আগের প্রজ্ঞাপন বাতিল করে নতুন আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে। কমিটিকে সহায়তায় মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে নয় সদস্যের একটি সচিবালয়ও গঠন করা হয়েছে।