নোয়াখালী অঞ্চলের রেল যোগাযোগ উন্নয়নে বাংলাদেশ রেলওয়ে প্রায় ৪০ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। প্রকল্পে লাকসাম থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রেলপথ পুনর্বাসন, স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন করা হবে। শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণকাজ পরিদর্শনের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এসব তথ্য জানান। তিনি ঢাকা-নোয়াখালী রুটে নতুন সুবর্ণচর এক্সপ্রেস চালুর উদ্যোগের কথাও বলেন।
প্রকল্পের আওতায় ক্ষয়প্রাপ্ত রেলপাত ও স্টিল স্লিপার বদল, নতুন ব্যালাস্ট স্থাপন, ফিটিংস আধুনিকায়ন, ব্যাংক প্রটেকশন ওয়াল নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং উন্নয়ন করা হবে। পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী তানভীরুল ইসলাম জানান, ৪৮ থেকে ৫০ কিলোমিটার রেলপথের জন্য প্রায় ৪০ কোটি টাকার প্যাকেজের দরপত্র ৫ নভেম্বর আহ্বান করা হয়েছে। চৌমুহনীতে ছোট প্ল্যাটফর্মের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে ৩০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া নতুন অংশ নির্মাণ শুরু হয়েছে।
সম্প্রসারিত প্ল্যাটফর্ম চালু হলে ১৬ কোচের ট্রেনের যাত্রীরা একসঙ্গে নিরাপদে ওঠানামা করতে পারবেন। প্ল্যাটফর্মের মেঝে পেভিং, অ্যাকসেস কন্ট্রোলের অসম্পূর্ণ কাজ এবং স্টেশন ভবন ও শেডের সৌন্দর্যবর্ধনও করা হবে। মিটারগেজ লোকোমোটিভ সংকটে নতুন ট্রেন চলাচল আটকে আছে বলে সচিব জানান। চট্টগ্রাম-দোহাজারী প্রকল্পে ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ কেনার দরপত্র আহ্বান করা হয়েছে।