২০২৬ সালের ৮ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। উভয় মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অভিন্ন স্বার্থের ওপর গুরুত্ব দেন এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় ও বিচারিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হন।
বৈঠকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্য বিনিময়, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সচেতনতা কর্মসূচি জোরদারের বিষয়ে আলোচনা হয়। অপরাধ তদন্তে দ্রুত তথ্য ও সাক্ষ্য বিনিময়ের জন্য ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ইন ক্রিমিনাল ম্যাটারস’ (MLAR) চুক্তির গুরুত্ব তুলে ধরা হয়। সন্ত্রাসবাদ, আর্থিক অপরাধ ও সাইবার অপরাধ দমনে প্রশিক্ষণ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির আহ্বান জানায় এবং পাকিস্তানের গঠনমূলক ভূমিকার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।