জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবার দেখা গেল এক নতুন ভূমিকায়—বিচারকের আসনে। তার সঙ্গে ছিলেন অভিনেতা-নির্মাতা শামীম জামান ও চিত্রনায়িকা আঁচল আঁখি। তারা একসঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেন রিয়েলিটি শো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি সিজন-৩’-এর জমকালো গ্র্যান্ড ফিনালেতে। স্টার মাল্টিমিডিয়া ও ড্যান্স কিংডমের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার লক্ষ্য ছিল প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও অন্তর্নিহিত সৌন্দর্য তুলে ধরা। ৩০ জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা আটজন চূড়ান্ত পর্বে অংশ নেন।
আঁচল আঁখি জানান, মোশাররফ করিম ও শামীম জামানের সঙ্গে একই মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করা তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। তিনি প্রতিযোগীদের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন এবং এই অভিজ্ঞতাকে তার অভিনয়জীবনের স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
চূড়ান্ত পর্বে র্যাম্প ওয়ার্ক, ব্যক্তিত্ব, তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সামগ্রিক দক্ষতার ভিত্তিতে ওয়াফিয়া সাদিকা চ্যাম্পিয়ন হন। রানারআপ হন জেরিন খান এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন ডালিয়া ইসলাম জুঁই। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন তিন বিচারক।