রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় মো. মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাতে কাজলা স্কুল গলিতে ১০ থেকে ১২ জন কিশোর তার পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহতের বন্ধু রায়হান জানান, মাহিম এক বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, তখনই হামলার ঘটনা ঘটে। মাহিম স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের দীন ইসলামের ছেলে। তিনি বর্তমানে কাজলা এলাকায় বসবাস করতেন।
কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।