বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সম্পর্ক আরও জোরদার করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরো রাজধানীর একটি হোটেলে ‘বিটুবি রোডশো ও নেটওয়ার্কিং ইভেন্ট’ আয়োজন করে, যার লক্ষ্য ছিল দুই দেশের পর্যটন খাতের অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক শক্তিশালী করা। সোমবার অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে টেকসই পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন বলেন, এই অংশীদারত্ব টেকসই পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন সম্ভাবনা তৈরি করবে। শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি জানান, শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তা বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয়। শ্রীলঙ্কা ট্যুরিজম প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম দেশটিকে নিরাপদ ও বৈচিত্র্যময় গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং জানান, বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ ট্রাভেল প্যাকেজ ও যৌথ প্রচারণা চলছে।
টোয়াব ও বোয়াটার নেতারা শ্রীলঙ্কায় আউটবাউন্ড ট্যুরিজম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যেখানে শ্রীলঙ্কাকে বাংলাদেশি পর্যটকদের জন্য সাশ্রয়ী ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।