ভারত সরকার ক্রয়নীতিতে ছাড় দিয়ে সরকারি সংস্থাগুলোকে ইসরাইলি প্রতিষ্ঠান সেলিব্রাইটের ফোনের তথ্য উদ্ধার ও নজরদারি প্রযুক্তি কেনার সুযোগ দিয়েছে বলে ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের অনুসন্ধানে উঠে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অনুমোদনে ‘মেক ইন ইন্ডিয়া’ কাঠামোয় অন্তত ৪২২টি বিদেশি প্রযুক্তিপণ্য কেনার পথ খুলেছে। কেন্দ্রীয় সংস্থার পাশাপাশি কংগ্রেসশাসিত হিমাচল প্রদেশ, কেরালা ও কর্ণাটকও একই ধরনের প্রযুক্তি কিনেছে।
আইএফএফের পর্যালোচনা করা ৭ জানুয়ারির চিঠিতে এক বছরের জন্য ১১৮টি ডিজিটাল ও মাল্টিমিডিয়া ফরেনসিক পণ্য কেনায় বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। ২০ জানুয়ারির আরেক চিঠিতে জাতীয় তদন্ত সংস্থাকে প্রায় পাঁচ কোটি রুপিতে তিন বছরের লাইসেন্সে সেলিব্রাইটের প্রিমিয়াম টুল কেনার অনুমতি দেওয়া হয়। দরপত্রে জব্দ ডিভাইস থেকে পাওয়া লগইন টোকেন দিয়ে ক্লাউড সেবায় প্রবেশ, পাসওয়ার্ড ও স্ক্রিন লক অতিক্রম, মুছে ফেলা ফাইল উদ্ধার এবং মেসেজিং অ্যাপের তথ্য সংগ্রহের সক্ষমতা চাওয়া হয়েছে।
ডিজিটাল অধিকারকর্মীরা বলছেন, জব্দ ফোন জোর করে আনলক, পূর্ণ তথ্য কপি, ক্লাউড অ্যাকাউন্টে প্রবেশ এবং উদ্ধার করা তথ্য সংরক্ষণের সময়সীমা নিয়ে ভারতে সুনির্দিষ্ট আইন বা নীতিমালা নেই। তাদের মতে, যথাযথ তদারকি ও জবাবদিহি ছাড়া এসব প্রযুক্তি নজরদারির পরিধি বাড়াচ্ছে। আলজাজিরা এনআইএ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশ পর্যন্ত কোনো বক্তব্য পায়নি।