সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি ২০২৬ সালের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি ও অসঙ্গতি পাওয়ায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের স্বাক্ষরে ১৪ জুলাই এ নোটিশ জারি করা হয়। ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ধরা পড়ে, যা পরীক্ষার্থীদের মানসিক চাপে ফেলে দেয়।
নোটিশে বলা হয়, এ ধরনের ভুল পেশাগত দায়িত্বে অবহেলার শামিল এবং এতে সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংশ্লিষ্ট চার শিক্ষককে তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না।
নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন—শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।