প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, সাবেক নেতা শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ভারত থেকে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই। শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ভারতের কাছে এই দুটি দাবি উত্থাপন করেছে।
রাশেদ খাঁন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সম্পূর্ণ স্বাধীন এবং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের প্রত্যাশার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। তার ভাষ্য, কোনো দেশের চাপ বা প্রভাবের কাছে বাংলাদেশ নতি স্বীকার করবে না। দুটি দাবি পূরণ হলেই কেবল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি বিবেচনা করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
দেশীয় প্রসঙ্গে তিনি বলেন, র্যাবের কথিত হত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায় বিএনপি সরকার বহন করতে পারে না। তিনি জানান, র্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী এসআরবি গঠন করা হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে বলেও তিনি বলেন; দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন বা প্রার্থীর বিরোধিতায় সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।