হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক বলেছেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তর কার্যকর করতে আগে মানসিকতা, মূল্যবোধ ও দায়িত্বের প্রতি অঙ্গীকারে পরিবর্তন জরুরি। মঙ্গলবার, ২৭ অক্টোবর কক্সবাজারের একটি হোটেলে চার দিনব্যাপী পাঠ্যক্রম উন্নয়নবিষয়ক ট্রেনিং অব ট্রেইনার্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক প্রশিক্ষণ শেষ করেন।
রাকিবুল হক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও নিরবচ্ছিন্ন শেখার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ শিক্ষকদের পেশাগত উন্নয়নে সিনিয়র শিক্ষকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ। পাশাপাশি জুনিয়র শিক্ষকদেরও পরামর্শ এবং নতুন ধারণা গ্রহণে উন্মুক্ত থাকতে হবে। প্রশিক্ষণপ্রাপ্তদের তিনি মেন্টর, রোল মডেল ও পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, উদ্যোগটির আওতায় মাস্টার ট্রেইনার ও ন্যাশনাল ট্রেইনারদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। তাদের নিয়ে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫ হাজার শিক্ষকের শিক্ষাদান দক্ষতা উন্নয়নে কাজ করবে হিট প্রকল্প। ইউজিসি ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে প্রশিক্ষণটির আয়োজন করে।