জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান শনিবার এক বিবৃতিতে ঢাকার যমুনার সামনে ইনকিলাব মঞ্চে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান। জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে হামলার ঘটনাকে তিনি ফ্যাসিবাদী আচরণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ভারতীয় এজেন্ট ও ফ্যাসিবাদ লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করতে হবে।
বিবৃতিতে রাশেদ প্রধান অভিযোগ করেন, হামলার পর ছাত্রদলের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন এবং যারা “হ্যাঁ” ভোটের বিরোধিতা করছেন, তারাই হামলার পেছনে জড়িত। তিনি দাবি করেন, হামলার নির্দেশ দিল্লি থেকে গুলশান হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছেছে। এছাড়া শাহবাগে প্রতিবাদ সমাবেশে ছাত্রদল ও ছাত্রলীগের সদস্যরা ছদ্মবেশে পুনরায় হামলার প্রস্তুতি নিয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, ১১ ফেব্রুয়ারি সারাদেশে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ নাশকতার পরিকল্পনা নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে, যা ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করার উদ্দেশ্যে। তার মতে, ১১ দল ও ছাত্র জনতা আগামী পাঁচ বছর দেশের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছে।