পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সব মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে। রাজ্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের জারি করা আদেশে বলা হয়েছে, সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ সব স্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন মাদরাসায় সকালের সমাবেশে এই গান গাওয়া বাধ্যতামূলক। এর আগে গত সপ্তাহে একই নির্দেশনা দিয়ে রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর আগে গানটি গাওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনলাইনে জানান, রাজ্য সরকার স্কুল শিক্ষা দপ্তরের অধীন সব স্কুলে ভারতের জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে। এই সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকারের ফেব্রুয়ারি মাসের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে ‘বন্দে মাতরম’কে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়া হয়েছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ ছিল একটি গুরুত্বপূর্ণ স্লোগান, যা সাম্প্রতিক রাজ্য বিধানসভা নির্বাচনের আগে আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তামিলনাড়ু ও কেরালার অনুষ্ঠানগুলোতেও গানটি নিয়ে বিতর্ক দেখা গেছে।