মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে শুক্রবার ভোর থেকে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মেঘনা-গোমতী সেতুর ঢালে একাধিক কাভার্ড ভ্যানের সংঘর্ষে সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে এবং তপ্ত গরমে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে পড়ে, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ধরে যাত্রীরা গরমে কষ্ট পাচ্ছেন এবং চালকেরা স্বল্প দূরত্ব অতিক্রম করতেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে, তবে সাপ্তাহিক ছুটির দিনে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজট পুরোপুরি কমতে কিছুটা সময় লাগবে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।