মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কিছু অগ্রগতি হলেও গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে অচলাবস্থা রয়ে গেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, কয়েকটি বিষয়ে সমঝোতা হলেও মূল মতপার্থক্য দূর হয়নি, ফলে দ্রুত চূড়ান্ত চুক্তির সম্ভাবনা অনিশ্চিত। তিনি বলেন, ইরান ধাপে ধাপে ও পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে আলোচনা এগিয়ে নিতে চায়, একতরফাভাবে নয়।
আনাদোলু বার্তা সংস্থার তথ্যমতে, গালিবাফ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতবিরোধ এখনো রয়ে গেছে। তবুও তেহরান দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা পাঠাচ্ছে।
গত সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয় এবং ইসলামাবাদে দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলছে। ৮ এপ্রিল থেকে কার্যকর দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সংঘাত আপাতত স্থগিত রয়েছে।