মেক্সিকোর সেনাবাহিনী জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের নেতা নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচোকে হত্যার পর দেশজুড়ে সহিংসতা, সড়ক অবরোধ ও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের নাগরিকদের জন্য ভ্রমণ ও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মেক্সিকান সেনাবাহিনী জানিয়েছে, ৫৯ বছর বয়সী এই মাদক সম্রাট তাপালপা শহরে সেনাদের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়ে পরে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে মারা যান।
এজেন্স ফ্রান্স-প্রেস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ এক্স-এ জানিয়েছে যে মেক্সিকোর বিভিন্ন এলাকায় নিরাপত্তা অভিযান, সড়ক অবরোধ ও অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে পরিস্থিতি অস্থির। মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। কানাডা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
গুয়াদালাজারা ও পুয়ের্তো ভাল্লার্তা শহরে ফ্লাইট বাতিল হয়েছে। ইউনাইটেড, আমেরিকান, সাউথওয়েস্ট, আলাস্কা, এয়ার কানাডা ও ওয়েস্টজেট/সানউইংসহ বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট স্থগিত করেছে। কিছু ফ্লাইট মাঝপথে ফিরে আসতে বাধ্য হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।