পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশে সংঘটিত ৩১৭টি সহিংস ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। তিনি জানান, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে মোট ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর গনি রোডে পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে প্রাক্-নির্বাচনি নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আইজিপি বলেন, নির্বাচনে সারা দেশে ১ লাখ ৫৭ হাজার ৮০৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে স্ট্যাটিক ফোর্স দায়িত্ব পালন করবে, পাশাপাশি ভ্রাম্যমাণ দল ও জরুরি পরিস্থিতিতে স্ট্রাইকিং ফোর্স থাকবে। নিরাপত্তা জোরদারে ৮০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও প্রয়োজনে ড্রোন ব্যবহার করা হবে।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট লুট হওয়া পুলিশের অস্ত্র ছাড়াও সাধারণ মানুষের থানায় জমা রাখা হাজারের বেশি অস্ত্র লুট হয়েছে। এসব চ্যালেঞ্জ সত্ত্বেও সফল নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।