স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানে ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে। রোববার (২৮ জুন) সকালে রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ক্যাম্পেইনে কোনো শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল না খাওয়ানো গেলে পরবর্তী দিন নির্দিষ্ট কেন্দ্রে তা দেওয়া হবে।
মন্ত্রী জানান, সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫৫ লাখ শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের একটি লাল রঙের উচ্চমাত্রার ক্যাপসুল দেওয়া হবে।
এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের সব শিশুদের ভিটামিন ‘এ’ ঘাটতি প্রতিরোধে উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রীর বক্তব্যে উল্লেখ করা হয়।