লিবিয়া ও গ্রিস উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় আট শরণার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ত্রিপোলির কাছে লিবিয়ার উপকূলে পাঁচজনের লাশ এবং গ্রিসের ক্রিট উপকূলে তিনজনের লাশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। লিবিয়ার উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের বাসিন্দারা শনিবার লাশগুলো খুঁজে পান। স্থানীয় পুলিশ জানিয়েছে, আরও লাশ সমুদ্রে ভাসতে পারে।
এর কয়েক সপ্তাহ আগে পশ্চিম ত্রিপোলির জুওয়ারা উপকূলে ৫৫ জনকে বহনকারী একটি রাবার নৌকা ডুবে প্রায় ৫৩ জন নিহত বা নিখোঁজ হয়েছিল। গ্রিসের অ্যাথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে, ক্রিট উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে যায়। কর্তৃপক্ষ অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করেছে, যাদের বেশিরভাগই মিশরীয় ও সুদানী নাগরিক, তাদের মধ্যে চারজন নাবালক।
ইআরটি জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন যে কাঠের নৌকায় প্রায় ৫০ জন ছিলেন এবং কাছাকাছি আরও একটি নৌকা দেখা গেছে, যার ফলে নতুন উদ্ধার অভিযান শুরু হয়েছে।