বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের বহুল আলোচিত ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুলেছেন। শনিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত দীর্ঘ এক পোস্টে তিনি ২০২১ সালের ৩ এপ্রিলের ঘটনাকে ‘রাষ্ট্রীয় মবসন্ত্রাস’ বলে উল্লেখ করেন। তিনি জানান, সেদিন স্ত্রী জান্নাত আরাকে নিয়ে রিসোর্টে অবস্থানকালে পুলিশ ও স্থানীয় কর্মীরা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং বিভিন্ন গণমাধ্যম সরাসরি সম্প্রচার চালায়। জিজ্ঞাসাবাদের সময় তিনি ও তার স্ত্রী নিজেদের বৈবাহিক সম্পর্কের কথা স্পষ্টভাবে জানান।
পোস্টে মামুনুল হক জান্নাত আরার সঙ্গে তার বিয়ের পটভূমি, গোপন রাখার কারণ এবং পরবর্তী হয়রানির বিবরণ দেন। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করেছে এবং তাদের বিয়েকে মিথ্যা প্রচারণার মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করেছে। তার দাবি, বিয়েটি ছিল শরীয়তসম্মত ও বৈধ, এবং তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
তিনি লেখেন, ‘৫০১’ আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ব্যর্থ প্রকল্প এবং এখন এটি তার কাছে রাজনৈতিক বিজয়ের প্রতীক।