ভারতের আসামে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। শুক্রবার আসামের দুর্যোগ প্রতিবেদন ও তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জেলায় সাত লাখ ২১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৯০০ গ্রাম এখনো বন্যাকবলিত। গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হওয়ায় চলতি মৌসুমে বন্যাজনিত মোট প্রাণহানি ৪৭ জনে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলায় প্রায় তিন লাখ ৯২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন।
স্থানীয় প্রশাসন ১০৬টি ত্রাণশিবির ও ৩৮১টি ত্রাণ বিতরণকেন্দ্র চালু করেছে। ত্রাণশিবিরে ২৪ হাজার ৪১৮ জন আশ্রয় নিয়েছেন এবং বিতরণকেন্দ্রের মাধ্যমে প্রায় দুই লাখ ৯০ হাজার ৮২৬ জনকে সহায়তা দেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণকাজে ১১১টি মেডিকেল দল, ৫৬টি নৌকা ও ভারতীয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত আট হাজার ৪০৯ জন মানুষ ও ৩৫টি প্রাণীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রায় ২৪ হাজার ৮৯৭ হেক্টর ফসলি জমি তলিয়েছে এবং এক লাখ ৩৮ হাজার ৯৬৫টি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাঁচটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপরে, আর ডিসাং নদী সর্বোচ্চ বন্যাসীমা ছাড়িয়েছে।