ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংহতি জোরদার ও সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে এ আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠক শেষে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে দেওয়া পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।
ফিদান বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সংহতি বজায় রাখা এবং ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। তিনি জানান, মুসলিম বিশ্বের সংহতি শক্তিশালী করা, নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে তুরস্ক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
বাগদাদ সফরে ফিদান ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর উপায় উঠে আসে। আঞ্চলিক সংঘাত নিরসনের চলমান প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনায় তিনি মিসর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন।