গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উচ্চফলনশীল, স্বল্পমেয়াদি ও চিকন আউশ ধানের নতুন জাত ‘জিএইউ ধান-৪’ উদ্ভাবন করেছেন। প্রায় এক দশকের গবেষণা ও মাঠপর্যায়ের পরীক্ষার পর ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় বীজ বোর্ডের ১১৫তম সভায় জাতটি অনুমোদন পায়। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, নতুন এ জাত কৃষকের আয় বৃদ্ধি ও দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সহায়ক হবে।
কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এম ময়নুল হক ও মসিউল ইসলামের নেতৃত্বে গবেষকদল ‘পারিজা’ ও ‘বিইউ ধান-২’ জাতের সংকরায়নের মাধ্যমে নতুন জাতটি উদ্ভাবন করে। ‘জিএইউ ধান-৪’ ৯০ থেকে ১০০ দিনের মধ্যে পরিপক্ব হয় এবং অনুকূল পরিবেশে প্রতি হেক্টরে ৫ থেকে ৫ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দেয়। এতে অ্যামাইলেজ ২৪ দশমিক ৫৮ শতাংশ ও প্রোটিন ৮ দশমিক ৩৮ শতাংশ রয়েছে, যা পুষ্টিকর ও সহজপাচ্য। কম পানি প্রয়োজন হওয়ায় এটি জলবায়ু সহনশীল এবং রোগবালাই প্রতিরোধী।
উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান এ উদ্ভাবনকে গবেষকদের নিষ্ঠা ও মেধার প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এটি দেশের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।