মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট প্রাসাদ ও ঐতিহাসিক জোকালো পাবলিক স্কয়ারের কাছে গুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। সোমবারের এ ঘটনাকে মেক্সিকো সিটির নিরাপত্তাবিষয়ক সচিবালয় ‘সরাসরি হামলা’ হিসেবে বর্ণনা করেছে।
গুলিতে নিহত ব্যক্তি ৪২ বছর বয়সী একজন পুরুষ। আহত দুজনও পুরুষ এবং তাঁদের দুজনের বয়সই ৩৯ বছর। স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাটি মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তো ডোমিঙ্গো চত্বরে ঘটেছে, যা ঔপনিবেশিক আমলের বিভিন্ন ভবনে ঘেরা।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী গুলি চালানোর পর মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে মাদক পাচারকারী চক্রের সহিংসতা নিয়মিত হলেও রাজধানীতে এমন হামলা বিরল। প্রেসিডেন্ট প্রাসাদের মতো অতিসংবেদনশীল এলাকার কাছে সরাসরি হামলা সচরাচর দেখা যায় না। শহরে ইউনিয়ন তেপিতো ও ফুয়ের্সা অ্যান্টি ইউনিয়নের মতো সংগঠিত গ্যাং সক্রিয় রয়েছে।