প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।
এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পেয়েছেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর) ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর) পুরস্কার পেয়েছেন।
প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, সনদপত্র ও সম্মানির চেক পেয়েছেন। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান।