বাংলাদেশ রেলওয়ে নতুন টিকিটিং সেবাদাতা নিয়োগে উন্মুক্ত দরপত্র আহ্বান করেছে, কারণ সহজ-সিনেসিস-ভিনসেন জেভির সঙ্গে তাদের বর্তমান চুক্তি আগামী জানুয়ারিতে শেষ হচ্ছে। শুক্রবার রাজধানীর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড আয়োজিত কর্মশালায় রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, চুক্তি নবায়নের সুযোগ রাখা হয়নি; সর্বনিম্ন দরদাতা ও সক্ষমতা যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হবে।
প্রায় পাঁচ বছর ধরে সহজ-সিনেসিস ডটকম রেলওয়ের টিকিটিং সেবা দিচ্ছে। তবে যাত্রীরা টিকিট ছাড়ার সময় ওয়েবসাইট ও রেল সেবা অ্যাপে অতিরিক্ত চাপ, কয়েক সেকেন্ডে আসন শেষ দেখানো, অর্থ পরিশোধের পর টিকিট ইস্যু না হওয়া এবং ব্যর্থ লেনদেনের অর্থ ফেরতে দীর্ঘ ভোগান্তির অভিযোগ করেছেন। হেল্পলাইন বা ইমেইলেও তাৎক্ষণিক সমাধান না পাওয়ার অভিযোগ রয়েছে।
রেলসচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, মিটারগেজ ইঞ্জিন সংকটের কারণে বহু লোকাল ও কমিউটার ট্রেন পুনরায় চালু করা যাচ্ছে না। ২০২৯ সালের মধ্যে ৮০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন কোচ ও ইঞ্জিন এলে অতিরিক্ত ট্রেন চালু এবং পুরোনো কোচ মেরামত করে স্থানীয় কমিউটার ট্রেনে ব্যবহারের পরিকল্পনার কথা জানান তিনি।