প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জামদানি ও ইলিশসহ বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যের আন্তর্জাতিক স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া বাণীতে তিনি জানান, অনলাইন নিবন্ধন, দ্রুত সেবা, আইনগত সুরক্ষা ও নকল পণ্য প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতি বছর ২৬ এপ্রিল বিশ্বজুড়ে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়, যার উদ্দেশ্য পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ও ডিজাইনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এবারের প্রতিপাদ্য ‘মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো’। প্রধানমন্ত্রী বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন, সৃজনশীলতা, ক্রীড়াপ্রযুক্তি, খেলোয়াড়দের প্রশিক্ষণ, ব্র্যান্ডিং, সম্প্রচার ও উদ্যোক্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও জানান, উদ্ভাবক ও সৃষ্টিশীল মানুষের যথাযথ মূল্যায়নে সরকার আধুনিক ও কার্যকর সেবা ব্যবস্থা গড়ে তুলছে। জাতীয় ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা, প্রতিভা অন্বেষণ ও প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধির উদ্যোগও চলমান রয়েছে, যা ক্রীড়াভিত্তিক শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি করবে।