বাংলাদেশে টেকসই, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল সয়াবিন উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) এবং জাপানের আন্তর্জাতিক কৃষিবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিরকাস গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান এবং জিরকাসের প্রোগ্রাম পরিচালক ড. কেইসুকে ওমোরি চুক্তিতে স্বাক্ষর করেন।
দুই প্রতিষ্ঠানের এক দশকেরও বেশি সময়ের গবেষণা সহযোগিতার ধারাবাহিকতায় নেওয়া এ উদ্যোগের লক্ষ্য রোগ প্রতিরোধী সয়াবিনের জাত উদ্ভাবন এবং প্রয়োজনভিত্তিক ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে পরিবেশবান্ধব রোগ ব্যবস্থাপনা গড়ে তোলা। গবেষণায় এশিয়ান সয়াবিন রাস্ট ও সারকোস্পোরা লিফ ব্লাইটের বিস্তার, রোগজীবাণুর বৈশিষ্ট্য, ছত্রাকনাশক প্রতিরোধক্ষমতা এবং কৃষকদের প্রচলিত ব্যবস্থাপনা পদ্ধতি বিশ্লেষণ করা হবে।
জিরকাস ও দক্ষিণ আমেরিকার সহযোগী প্রতিষ্ঠানের উদ্ভাবিত নন-জিএম রোগ প্রতিরোধী সয়াবিনের জাত বাংলাদেশের মাঠপর্যায়ে মূল্যায়ন করা হবে। রোগ প্রতিরোধ, স্থানীয় পরিবেশে অভিযোজন এবং বাণিজ্যিক নিবন্ধনের সম্ভাবনা যাচাই হবে। উপযোগী জাত না পাওয়া গেলে দেশের কৃষি-পরিবেশ উপযোগী নতুন জাত উদ্ভাবনে প্রজনন কার্যক্রম নেওয়া হবে। গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগ উদ্ভাবিত ছয়টি জাত বর্তমানে প্রায় ৬৮ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে।