বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে সাক্ষাৎকারের জন্য তলব করেছে, তবে কবে তাকে ডাকা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত কমিটির সূত্রে তলবের বিষয়টি নিশ্চিত করা হলেও তারিখ জানাতে তারা অপারগতা প্রকাশ করেছে।
অন্য একটি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের বাইরে থাকা আমিনুল ইসলাম বুলবুল আগামী ৪ এপ্রিলের পর তদন্ত কমিটির মুখোমুখি হতে চান। তিনি ২৬ মার্চ দেশে ফেরার কথা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে অংশ নিতে বিদেশেই অবস্থান করছেন। তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি, তবে দেশে ফিরে তিনি তদন্ত কমিটির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
এর আগে বিসিবির পাঁচ পরিচালক এবং সর্বশেষ নির্বাচনে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী ইতোমধ্যে তদন্ত কমিটির সাক্ষাৎকার দিয়েছেন।