রাজধানীর লালবাগ এলাকায় একটি মেসে ঢাকা কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহের হোসেন নয়নের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পাশের কক্ষের এক নেশাগ্রস্ত ব্যক্তি তালা দিয়ে তার মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ২৩ জুলাই বিকেল আনুমানিক ৫টার দিকে মেসের টাকার হিসাব-নিকাশ নিয়ে কথা-কাটাকাটির পর ঘটে বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।
নয়নের বন্ধু মাসুদ রানা জানান, খবর পেয়ে সহপাঠীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে অভিযুক্তকে খুঁজতে মেসে গেলে তাকে পাওয়া যায়নি। বাড়ির মালিকের সঙ্গে কথা বলতে গেলে স্থানীয় কিছু লোক তাদের ঘিরে ফেললে তারা লালবাগ থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী ও সহপাঠীরা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পুলিশ বলেছে, জিডি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।