শেরপুর সদর উপজেলার ভাতশালা ও লছমনপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড় ও আঁচড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি কুকুর হঠাৎ এলাকায় অস্বাভাবিকভাবে ছোটাছুটি শুরু করে এবং সামনে যাকে পেয়েছে তাকে কামড় বা আঁচড় দিয়েছে।
দুপুর দেড়টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত অন্তত ৪৮ জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। তারা হলেন সাপমারী এলাকার ৭০ বছর বয়সী বাহেজ উদ্দিন, কৃষ্ণপুর দড়িপাড়া এলাকার ৩২ বছর বয়সী মামুন এবং শেরীপাড়া এলাকার ৫০ বছর বয়সী আবুল হোসেন।
হাসপাতালে আসা চার বছর বয়সী এক শিশুর স্বজন মো. আব্দুল আলীম বলেন, ভোর ছয়টায় কুকুরটি শিশুটিকে কামড় দেয়। অন্য এক রোগীর স্বজন জানান, বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা এক মেয়ের পিঠে কুকুরটি আঁচড় দেয়। হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. একেএম মাহমুদুল হাসান সোহাগ বলেন, আহত ৪৮ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে; তিনজন ভর্তি আছেন এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।