অধিকৃত পশ্চিম তীরে শনিবার এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের নাম আলি মাজেদ হামাদনে (২৩)। রামাল্লাহর উত্তর-পূর্বে দেইর জারির গ্রামে অভিযানের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীদের গুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্সে তার মৃত্যু হয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, ইসরাইলি বাহিনীর সুরক্ষায় সশস্ত্র বসতি স্থাপনকারীরা গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলি সেনাবাহিনী ঘটনাটি নিশ্চিত করে জানায়, এলাকায় ইসরাইলি বেসামরিকদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের খবর পেয়ে সেনারা সেখানে যায়। সেনাবাহিনীর দাবি, পরিস্থিতি সহিংস দাঙ্গায় রূপ নিলে এক রিজার্ভ সেনা প্রথমে আকাশে সতর্কতামূলক গুলি ছোড়ে এবং পরে এক হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর সহিংসতা আরও বেড়েছে। ইরান যুদ্ধের পর থেকে বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।